শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংকট

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি পৌঁছাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৯:৪১ পিএম

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি পৌঁছাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

যুদ্ধ বন্ধে আলোচনায় সম্ভাব্য অগ্রগতির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে এমন কিছু প্রস্তাব বিবেচনা করছে তেহরান, যেগুলো নিয়ে এর আগে আলোচনাতেও রাজি ছিল না দেশটি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ওই কূটনীতিক জানান, মধ্যস্থতাকারী দেশ কাতারের দেওয়া ইরানের পরমাণু কার্যক্রমসংক্রান্ত প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হলে দুই দেশের মধ্যে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত জুনে একটি অন্তর্বর্তী সমঝোতা ভেস্তে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার এই আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। এর আগে রয়টার্স ও নিউইয়র্ক টাইমসও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহের কথা প্রকাশ করেছিল।

এদিকে সংঘাত কমানো এবং একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমিরের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের বিদ্যমান মতপার্থক্য দূর করতে কাতারের কর্মকর্তারা দোহা ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন।