নভেম্বর ৬, ২০২৬, ০৪:৩০ পিএম
ভারতের তামিলনাড়ুর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছয় শ নম্বরের মধ্যে পাঁচ শ ছেষ্পান্ন পেয়ে রাজ্যজুড়ে প্রথম স্থান অর্জনকারী মনিকাকে নিজ হাতে সোনার হার উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। গত বুধবার চেন্নাইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওই কৃতী শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। মূলত দশম ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বিজয় শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কারও তুলে দেন।
তিরুভান্নামালাইয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনিকা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মুখ্যমন্ত্রী বিজয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা তার জন্য বিশেষ মুহূর্ত। এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।
অন্যদিকে কুড্ডালোরের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীনিথি পাঁচ শ নম্বরের মধ্যে চার শ চুরানব্বই পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়াকে নিজের ও স্কুলের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, তাদের কল্যাণে কাজ করার লক্ষ্যও তার রাজনীতিতে আসার অন্যতম কারণ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিজয় বলেন, আমি এখানে রাজনীতি করতে, ভোট চাইতে কিংবা দল নিয়ে কথা বলতে আসিনি। এই মুহূর্তে তোমাদের দলীয় রাজনীতির প্রয়োজন নেই। ভালোভাবে পড়াশোনা করো, বড় কিছু অর্জন করো এবং নিজেদের জীবন বদলে দাও। এরপর সমাজ ও তামিলনাড়ুর কথা ভাবতে পারো।
সিনেমাজগৎ থেকে রাজনীতিতে আসার প্রসঙ্গ তুলে বিজয় বলেন, শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখেই রাজনীতিতে যুক্ত হয়েছেন। তাদের ওপর বাবা-মা, সমাজ ও রাজ্যের প্রত্যাশা রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
শিক্ষার্থীদের নিজস্ব স্বকীয়তা গড়ে তোলার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চলার পথে কেউ বাধা সৃষ্টি করলে তাতে দমে যাওয়া যাবে না। তার ভাষায়, মানুষ যদি তোমাদের পথে বাধা সৃষ্টি করে, তার অর্থ তোমাদের সাফল্য নিশ্চিত। এ সময় ক্ষতিকর অভ্যাসের কাছে নতি স্বীকার না করার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন