নভেম্বর ৬, ২০২৬, ১১:১১ এএম
ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে শিগগিরই তাঁর পরবর্তী পদক্ষেপ জানা যাবে বলেও জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুমকি দেন।
ট্রাম্প বলেন, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আরও সামনে এগোব এবং বিষয়টি পুরোপুরি নিশ্চিত করব? অর্থাৎ, যাতে এটি আর কখনো ঘটতে না পারে, সেটি নিশ্চিত করব?
এরপর ইরানকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আর আপনারা শিগগিরই জানতে পারবেন। ট্রাম্পের এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
ইরান পুনর্গঠনে দীর্ঘ সময় লাগবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের পঁচিশ বছর সময় লাগতে পারে। গত ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়। তবে এখনো এর চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর খবর নিয়েও ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না। তবে ইরানের পাঠানো প্রস্তাবের বিষয়বস্তু কিংবা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদনের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন