শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

অসুস্থ হয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৪:২০ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী

সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে দ্রুত সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে পরবর্তী একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হওয়ার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে বর্তমানে তিনি কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র জানায়, মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাঁকে আরও কত দিন হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।