বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ১০:০৭ পিএম

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী

পোশাকশ্রমিকদের সব ধরনের ন্যায্য দাবি-দাওয়া পূরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্দোলনরত শ্রমিকদের রাস্তাঘাট অবরোধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বৃহস্পতিবার থেকেই নিজ নিজ কারখানায় কাজে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের বেতন ও মজুরি সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। চার দিনের মাথায় বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। অতীতে কোনো দাবি নিষ্পত্তিতে তিন থেকে চার বছর সময় লাগলেও বর্তমান সরকার দ্রুততম সময়ে ব্যবস্থা নিচ্ছে।

সরকারের গৃহীত পদক্ষেপের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, শনিবার রাতে শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ড গঠনের দাবি জানানোর পর রোববার দুপুর ১২টার আগেই বোর্ড গঠন এবং একই দিন সন্ধ্যায় গেজেট প্রকাশ করা হয়। এর পর তিন দিনের মাথায় বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার প্রতিটি পদক্ষেপে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করছে।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দাবি জানানোর নির্দিষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে। হয় শ্রমিক নেতাদের মাধ্যমে অথবা সরাসরি মন্ত্রণালয়ে লিখিত আবেদন জমা দিতে হবে। কোনো আবেদন বা আলোচনা ছাড়াই রাস্তাঘাট অবরোধ করার মাধ্যমে জনভোগান্তি তৈরির সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

তিনি মালিকদের উদ্দেশে বন্ধ থাকা কারখানাগুলো অবিলম্বে খুলে দিয়ে পরিবেশ স্বাভাবিক করার অনুরোধ জানান। পাশাপাশি শ্রমিক নেতাদেরও নিজ নিজ কারখানায় গিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সরকার কারখানা ও শ্রমিকদের নিরাপত্তাসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে শিল্প খাতে সহিংসতার বিষয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, একটি অশুভ চক্র দেশের শিল্পকারখানা ধ্বংস করতে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বাজার অন্য দেশে সরিয়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র করছে। যারা সহিংসতা ও নাশকতার সঙ্গে সরাসরি জড়িত, ভিডিও ফুটেজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তবে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

সাম্প্রতিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিকের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে শ্রমমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে পরিবারটির জন্য দীর্ঘমেয়াদী সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। নিহত শ্রমিকের স্বজনদের আশ্বস্ত করে তিনি বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ে আইনি ব্যবস্থার মুখোমুখি করা হবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা জোরদারে একটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করেন শ্রমমন্ত্রী। তিনি জানান, গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চিকিৎসার জন্য ১০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সারসংক্ষেপ অনুমোদিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই হাসপাতাল নির্মাণের আনুষঙ্গিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মন্ত্রী উল্লেখ করেন, বিগত কোনো সরকার শ্রমিকদের জন্য এ ধরনের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সুনির্দিষ্ট উদ্যোগ নেয়নি, যা বর্তমান সরকার বাস্তবে রূপ দিতে যাচ্ছে।