বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
স্কাউটিং ও শিশু বিকাশ

ঠাকুরগাঁওয়ে শুরু হলো ৬ দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি

তানভীর হাসান তানু

নভেম্বর ৪, ২০২৬, ১১:১১ পিএম

ঠাকুরগাঁওয়ে শুরু হলো ৬ দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি

ছবি: দিনাজপুর টিভি

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা দিতে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬’। এই আয়োজনে রংপুর বিভাগের আটটি জেলা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২০০ কাব স্কাউট ও প্রতিনিধি অংশ নিচ্ছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. আখতারুজ্জামান।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের উদ্যোগে গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পুরি চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। এবারের ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।

সংবাদ সম্মেলনে মো. আখতারুজ্জামান জানান, দিনব্যাপী এই ক্যাম্পুরিতে শিশুদের জন্য ১০টি বিশেষ চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের আবাসন, পুষ্টিকর খাবার, সুপেয় পানি, জরুরি স্বাস্থ্যসেবা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। এছাড়া সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

আয়োজকদের প্রত্যাশা, এই স্কাউট ক্যাম্পুরির মধ্য দিয়ে শিশুদের মাঝে পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, পরিবেশ সচেতনতা এবং গভীর দেশপ্রেমের গুণাবলি বিকশিত হবে।