নভেম্বর ৩, ২০২৬, ০১:০৬ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কারিগাঁও বিওপির টহল দল সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।
অভিযান চলাকালে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্তপথে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
তিনি বলেন, "মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান আরও গতিশীল করা হবে।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন