মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
সংসদ ও রাজনীতি

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ১১:৫০ এএম

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) নবনির্বাচিত এই দুই জনপ্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করাবেন।

মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এবং এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিজয়ী হয়েছেন।

এর আগে শনিবার নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনের ফলাফল চূড়ান্ত করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মির্জা ফয়সল আমীন।

ভোটারদের রায়ে ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারি ও পরে সরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর শূন্য পদে দলটির মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করে। গেজেট প্রকাশের পর আজ স্পিকারের দপ্তরে তাদের আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রমের অভিষেক ঘটছে।