মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
জাতীয় জ্বালানি নীতি

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৯:৪৯ এএম

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‍‍`বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬‍‍`-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ আয়োজনের উদ্বোধন করবেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।

এর আগে রোববার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ‍‍`ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান‍‍` প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর দুদিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হচ্ছে।

প্রদর্শনীতে জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানো, দেশব্যাপী প্রযুক্তিটির সম্প্রসারণ এবং আবাসিক ভবনের ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনগণের দুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ পরিচালনা করছে।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহযোগিতা করা এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রসারে সরকারি বিভিন্ন প্রণোদনা সম্পর্কে অংশীজনদের ধারণা দেওয়াই এ প্রদর্শনীর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আধুনিক সৌরপ্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করা হবে। এতে সরকারি নীতিনির্ধারক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তারা অংশ নেবেন।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি কর ও শুল্ক সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি সহায়তা, সবুজ অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত আধুনিক সেচব্যবস্থা এবং কারিগরি দক্ষতা উন্নয়নের নানা সুযোগ-সুবিধা এই প্রদর্শনীতে তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছে দিনাজপুর টিভি ডট কম।