সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ০২:৩৬ পিএম

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার তৎপরতার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলো দ্রুত চিহ্নিত করার পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করতে বলা হয়েছে।

সমন্বয়হীনতা দূর করার কড়া বার্তা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমিকম্পের মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সর্বনিম্নে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অপরিহার্য।

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। উদ্ধারকাজে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের পর্যাপ্ততা, মাঠপর্যায়ের কর্মীদের উন্নত প্রশিক্ষণ এবং সাধারণ নাগরিকদের মাঝে ভূমিকম্পকালীন সচেতনতা বাড়াতে নিয়মিত মহড়া ও তথ্য প্রচারের পরামর্শ দেন তিনি।

উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।