নভেম্বর ২, ২০২৬, ১২:৫৭ পিএম
ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ওপর কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং ওয়াশিংটন চাইলে যেকোনো মুহূর্তে দেশটিকে স্থবির করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
সমাবেশে তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, তেহরানের ওপর তাদের আধিপত্য এখন স্পষ্ট।
ট্রাম্প আরও উল্লেখ করেন, তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি যেভাবে চলছে তা অনির্দিষ্টকাল চলতে পারে না। তিনি কিছুটা নমনীয় থাকার চেষ্টা করছেন জানিয়ে মন্তব্য করেন, পুরো পরিস্থিতি এখন চূড়ান্ত পরিণতির খুব কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে পুরোপুরি অচল করে দেওয়া হলেই সবকিছুর স্থায়ী অবসান ঘটবে বলে তিনি মত দেন।
এর আগে আইওয়া অঙ্গরাজ্যে অপর এক সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।
তিনি দাবি করেন, সর্বোচ্চ পর্যায়ে প্রাণহানি এড়ানোই তার মূল লক্ষ্য। তিনি ভালো থাকতে চান এবং যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর পক্ষপাতী। তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট করেন, এমন একটি সময় নিশ্চিতভাবে আসবে যখন তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানতে হবে।
বক্তব্যে ট্রাম্প পুনরায় দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। খুব দ্রুত এই সংঘাতের অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তার সুরক্ষার স্বার্থে পেট্রোলের বাড়তি দাম নিতান্তই সামান্য একটি ত্যাগ। তবে শিগগিরই তেলের বাজারদর উল্লেখযোগ্য হারে কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন