সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
সংরক্ষিত নারী আসন

এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সংরক্ষিত নারী আসনে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ০১:০৪ পিএম

এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সংরক্ষিত নারী আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ফল ঘোষণা করা হয়।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি সরাসরি নির্বাচিত হলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সূচি ছিল। সেই সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জোটের পক্ষ থেকে একমাত্র এলিজা জামানই তার মনোনয়নপত্র জমা দেন।

পরবর্তীতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এলিজা জামানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়।