সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

স্বর্ণের ডিম নিয়ে বিমানে ওঠেন যাত্রী শেষ মুহূর্তে অভিযান চালিয়ে আটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ১২:০৬ পিএম

স্বর্ণের ডিম নিয়ে বিমানে ওঠেন যাত্রী শেষ মুহূর্তে অভিযান চালিয়ে আটক

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ছয়টি স্বর্ণের ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, দুটি পৃথক অভিযানে এই মূল্যবান ধাতুর চালানগুলো জব্দ করা হয়।

আবুধাবিগামী এক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে উদ্ধার করা হয় প্রথম চালান।

কাস্টমস গোয়েন্দারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ নম্বর ফ্লাইটে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়নের কথা থাকা ওই ফ্লাইট থেকে এক সন্দেহভাজন যাত্রীকে আটক করে নামিয়ে আনা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ‘ডিম’ উদ্ধার করেন কর্মকর্তারা।

একই ধারাবাহিকতায় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন গোয়েন্দারা। এই অংশের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালান প্রক্রিয়ার এক উল্টো কৌশলের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা।

সংশ্লিষ্টরা স্বীকার করেছেন, এই স্বর্ণের ডিমগুলো পূর্বে আবুধাবি থেকেই কৌশলে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। কিন্তু স্থানীয় বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো আবারও সংগ্রহ করে আবুধাবিতে ফেরত পাঠানোর অপচেষ্টা চলছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্পষ্ট করেছে, এই চালানের মূল নেপথ্য চক্র, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং আন্তর্জাতিক যোগাযোগের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।