নভেম্বর ২, ২০২৬, ১২:৩২ পিএম
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। আশুলিয়া থানা-পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সকাল থেকেই শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন।
একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে এই উত্তেজনার সূত্রপাত হয়। শিল্পাঞ্চল অশান্ত হয়ে উঠেছে।
এদিকে একই দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পোশাক শ্রমিকদের এই আন্দোলনের মধ্যেই সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন গার্মেন্টস মালিক নেতারা।
উচ্চপর্যায়ের ওই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পোশাকশিল্পের শীর্ষ উদ্যোক্তারা চলমান সংকট নিরসনে আলোচনায় যুক্ত হন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন