নভেম্বর ২, ২০২৬, ১১:০১ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই সুযোগ তৈরি হয়েছে। ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং পরদিন রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিনের ছুটির ফাঁদে পড়ছে শিক্ষাঙ্গন। চলতি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদিত ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, দেশের সব সরকারি ও এমপিওভুক্ত স্কুল ও কলেজে শ্যামাপূজার আনুষ্ঠানিক ছুটি নির্ধারিত রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। একই সঙ্গে কার্যক্রম বন্ধ থাকবে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।
তবে এই অবকাশের আওতায় দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আসছে না।
স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা এবং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির উল্লেখ দেখা যায়নি।
এদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার কোনো ছুটি অন্তর্ভুক্ত না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা এই তিন দিনের ছুটির সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কালীপূজা বা শ্যামাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবীর আরাধনার মধ্য দিয়ে এই ধর্মীয় আচার সম্পন্ন হয়। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওড়িশা ও বিহারসহ বিভিন্ন অঞ্চলে উৎসবটি পালিত হয়, যার সঙ্গে একই দিনে উদযাপিত হয় ঐতিহ্যবাহী দীপাবলি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন