সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

রাহুল গান্ধীর কড়া হুঁশিয়ারি দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ১০:৫৬ এএম

রাহুল গান্ধীর কড়া হুঁশিয়ারি দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।

রোববার ভোর থেকেই দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধীদের ডাকে নেতা-কর্মীদের বড় জমায়েত শুরু হয়। বিকেল ৩টার কিছু আগে হুডখোলা গাড়িতে চড়ে সমাবেশস্থলে পৌঁছান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ এবং আইসা নেত্রী নেহা বোরাসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা। সমাবেশে দেওয়া বক্তব্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পরিকল্পিত ভোট চুরির অভিযোগ তোলেন বিরোধী নেতারা।

সমাবেশে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাহুল গান্ধী।

লোকসভার বিরোধীদলীয় নেতা বলেন, তিনি দেশের প্রতিটি নাগরিক ও যুবসমাজকে স্পষ্ট জানাতে চান যে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো হবে এবং তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। রাহুলের দাবি, নির্বাচন কমিশনের এই শীর্ষ কর্মকর্তার প্রত্যক্ষ সহায়তা ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেন এই কংগ্রেস নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগের একটি বক্তব্যের সূত্র টেনে রাহুল গান্ধী বলেন, অমিত শাহ বলেছিলেন নরেন্দ্র মোদি কোথাও যাবেন না, কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী কোথাও পালাতে বা যেতে পারবেন না। বিরোধী দলগুলো তাকে যেতে দেবে না উল্লেখ করে রাহুল জানান, নির্বাচন কমিশনারের পর ক্ষমতাসীনদের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সমাবেশের শেষ ভাগে দেশের সংবিধানের মর্যাদা রক্ষার ওপর জোর দিয়ে রাহুল গান্ধী প্রত্যয় ব্যক্ত করেন যে কোনো অবস্থাতেই দেশের গণতান্ত্রিক সংবিধান ধ্বংস হতে দেওয়া হবে না।