সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

রাজপথ উত্তপ্ত করছে জামায়াত আগুন দিচ্ছে আ.লীগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ১১:০১ এএম

রাজপথ উত্তপ্ত করছে জামায়াত আগুন দিচ্ছে আ.লীগ

জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে এবং আন্দোলনের ভেতরে ঢুকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সরকারের সবকিছু ভেঙে তছনছ করার মতো উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে মাঠ গরমের চেষ্টা চলছে। এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে তৈরি হওয়া অরাজকতার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

সহিংসতার পেছনে পরিকল্পিত ছক দেখছেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত সাম্প্রতিক নৈরাজ্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ডিসেম্বরকে কেন্দ্র করে দেশকে উত্তপ্ত করতে নেপথ্য শক্তিগুলো সক্রিয়ভাবে মাঠে নেমেছে। তিনি উল্লেখ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকা সত্ত্বেও নেতাকর্মীদের ব্যবহার করে সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামানো হয়েছিল।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের ছদ্মবেশে স্বার্থান্বেষী মহল পুলিশের গাড়ি, সাধারণ মানুষের পিকআপ ও তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগ ঘটিয়েছে।

অগ্নিসংযোগের এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। একই সাথে অগ্নিসন্ত্রাসের প্রেক্ষাপট তৈরির পেছনে যাদের উস্কানি রয়েছে, তাদের আইনের আওতায় আনার প্রশ্নও উত্থাপন করেন তিনি।