অক্টোবর ২১, ২০২৬, ০৪:৩৭ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জান্নাতের পথ দেখানো সংক্রান্ত বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দলটির রাজনৈতিক কৌশল ও কর্মকাণ্ডকে দাজ্জালের জান্নাত বলে আখ্যা দেন।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে রাশেদ খান জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায় বলে দলটির আমির দাবি করেছেন; অথচ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে বিভ্রান্ত করতে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণের আহ্বান জানাবে।
জামায়াত প্রকৃতপক্ষে কোন জান্নাতের পথ দেখাতে চাইছে, সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি নির্বাচনের আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে দলটির বৈঠকের প্রসঙ্গ টানেন। ওই বৈঠকে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিষয়ে জামায়াতের অবস্থান কী ছিল এবং গাজী নজরুল ইসলামের ভূমিকাই বা কেমন ছিল, তা তিনি জানতে চান। একই সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষে জামায়াত-সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতির বিষয়টিও তিনি সামনে আনেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং নির্বাচনের সময় সনাতন ধর্মাবলম্বীদের ভোট পেতে `আগে হিন্দু মানে নৌকা, এবার হিন্দু মানে দাঁড়িপাল্লা` ধরনের বয়ান তৈরি করা হয়েছে। একপর্যায়ে কৃষ্ণ নন্দীকে দলীয় মনোনয়ন দেওয়া এবং অন্যদিকে জান্নাতের পথ প্রদর্শনের দাবির মধ্যে প্রকাশ্য রাজনৈতিক অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় বিতাড়িত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বিচার জোরালোভাবে দাবি না করে রাজনৈতিকভাবে সাধারণ ক্ষমা ঘোষণার মতো অবস্থানকে জুলাইয়ের শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের সমাপ্তিতে রাশেদ খান দাবি করেন, মিথ্যা ও ধোঁকাবাজির ওপর ভর করে জামায়াত যে জান্নাতের পথ দেখানোর দাবি করছে, তা মূলত এক ধরনের বিভ্রম ও দাজ্জালের জান্নাত।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সাবেক কর্মী ও সদস্য সম্মেলনে বক্তব্য দেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সম্মেলনে জান্নাতের টিকিট বিতরণের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, তাদের সংগঠন কেবল মানুষকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। আমিরের ওই রাজনৈতিক ব্যাখ্যার জের ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রকাশ্য সমালোচনায় লিপ্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন