বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
পুলিশের ওপর হামলা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৩:১০ পিএম

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। বুধবার রাতে উপজেলার সজনগাঁও গ্রামে অভিযান পরিচালনাকালে এ সংঘর্ষ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সজনগাঁও গ্রামে অভিযান চালায়। সেখানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কুদ্দুসকে আটক করা হয়। আটকের পরপরই তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হামলায় এএসআই রাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য বাকিরুলসহ তিন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পলাতক আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।