অক্টোবর ২১, ২০২৬, ০৫:১০ পিএম
সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে আরও এক হাজার ১০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে সিলেট বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গজনিত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৫ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১০১ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সারাদেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার ৭৬৫ জনে।
অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ২১২ জনে।
অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ভর্তি হয়েছেন এক লাখ ৯২ হাজার ৬৯৫ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৫ হাজার ১১০ জন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন