অক্টোবর ২১, ২০২৬, ০২:৫২ পিএম
শরতের নীল আকাশের নিচে বিস্তীর্ণ জলরাশিতে ফুটে রয়েছে গোলাপি পদ্ম আর রক্তিম শাপলা। রাজধানীর কোলাহল ছেড়ে প্রাকৃতিক স্নিগ্ধতা উপভোগ করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা।
উপজেলার জিন্দা পার্ক সংলগ্ন জিন্দা হানকুর এলাকায় লাওয়াল, আরিয়ল ও পুরাকুরা বিলের জলরাশিতে এখন চোখ জুড়ানো ফুলের মেলা। আনুমানিক এক হাজার একর আয়তনের এই প্রাকৃতিক জলাভূমিতে ফুটে থাকা পদ্ম ও শাপলার রূপ দেখতে আশেপাশের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা।
সকালের মিষ্টি রোদে বিলের জলে ভেসে থাকা পদ্মের পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দু ছড়াচ্ছে অন্যরকম দ্যুতি। এর মাঝেই মুক্ত বাতাসে দল বেঁধে চরে বেড়াচ্ছে পাতিহাঁস, আর আকাশে ডানা মেলছে সাদা বকের ঝাঁক। নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে স্বস্তির নিশ্বাস নিতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই নৌকায় ভাসছেন এই বিলে।
দর্শনার্থীদের বিল ঘুরিয়ে দেখাতে প্রস্তুত রয়েছে সারি সারি ডিঙি নৌকা। এসব নৌকায় ঘুরে বেড়াতে পর্যটকদের গুনতে হচ্ছে ঘণ্টা প্রতি তিনশত টাকা। একটি সাধারণ নৌকায় একসঙ্গে তিনজন চড়তে পারেন। তবে সরকারি ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া চাপ থাকায় মাঝিরা সাধারণত চল্লিশ মিনিট করে নৌকা পরিচালনা করেন।
স্থানীয় নৌকার মাঝিরা জানান, বছরের এই মৌসুমে প্রায় তিন মাস বিলে ফুল ফোটার সময় থাকে। এ সময়টাতে পর্যটকদের আনাগোনায় বিলপাড় মুখর থাকলেও মৌসুম শেষ হলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে চারপাশ।
এদিকে বিলের প্রবেশমুখে ও পাড়ে স্থানীয় নারীদের সদ্য তোলা তাজা পদ্মফুল বিক্রি করতে দেখা যায়। দর্শনার্থীদের পছন্দের ওপর ভিত্তি করে প্রতি গুচ্ছ ফুল ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন