অক্টোবর ২১, ২০২৬, ০১:১৫ পিএম
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। পরে তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন ষাট বছর বয়সী লালচান, পঞ্চাশ বছর বয়সী নাছিমা এবং ১৬ বছরের কিশোরী তানিশা।
হাসপাতালে চিকিৎসাধীন এই তিনজনের অবস্থাই বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে আহত তিনজনের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাছিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন