বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

মাদকবিরোধী অভিযানে পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২১, ২০২৬, ১১:১৩ এএম

মাদকবিরোধী অভিযানে পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল এই চোরাচালানবিরোধী কার্যক্রম চালায়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় চালানো অভিযানে পরিত্যক্ত অবস্থায় এই মাদকের চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য দুই লাখ টাকা।

ঘটনার সময় সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ দমনে ভবিষ্যতেও বাহিনীটি কঠোর অবস্থান বজায় রাখবে এবং নিয়মিত বিশেষ অভিযানের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।