অক্টোবর ২১, ২০২৬, ১১:০৬ এএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনায় বসবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর এই দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, পূর্বে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য ঠিক করা হয়েছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রত্যাশিত সময়ের আগেই শেষ হতে চলায় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত এই সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের পরীক্ষা পুরোপুরি শেষ হয়।
ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল অপশনে যেতে হবে। সেখানে পরীক্ষার নাম, বছর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে শিক্ষার্থীরা নিজ নিজ ফল ও মার্কশিট ডাউনলোড করতে পারবেন।
মোবাইল ফোনে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য বার্তা অপশনে গিয়ে এইচএসসি লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন