সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
উচ্চমাধ্যমিক পরীক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন বোর্ড চেয়ারম্যান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ০৭:৪৭ পিএম

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন বোর্ড চেয়ারম্যান

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের জোর প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে উল্লেখিত সময়সীমার যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সোমবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মন্ত্রণালয়ের সম্মতি পেলেই চূড়ান্ত দিন ঘোষণা করা হবে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়ার পর সরকারপ্রধানের সময়সূচি অনুযায়ী ফল প্রকাশের নির্দিষ্ট দিন চূড়ান্ত করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের অধীন নির্দিষ্ট কিছু জেলায় স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তীতে গ্রহণ করা হয়।