সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

চুয়েটের নতুন উপাচার্য ২০ দিন পর তালা ভেঙে দপ্তরে যোগ দিলেন ড. শরীফুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ১০:৪৫ এএম

চুয়েটের নতুন উপাচার্য ২০ দিন পর তালা ভেঙে দপ্তরে যোগ দিলেন ড. শরীফুল

ছবি: সংগৃহীত

চুয়েটের নতুন উপাচার্য হিসেবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত কার্যালয়ের তালা ভেঙে আনুষ্ঠানিকভাবে দপ্তরে যোগ দিয়েছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ভবনের তালা ভেঙে তিনি কার্যালয়ে প্রবেশ করে দায়িত্ব শুরু করেন। 

এর মাধ্যমে সরকার কর্তৃক নিয়োগাদেশ জারির দীর্ঘ ২০ দিন পর তিনি ক্যাম্পাসে সশরীরে নিজের প্রশাসনিক চেম্বারে বসলেন। ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হওয়ায় এতদিন তিনি সরাসরি উপাচার্য কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ পাওয়ার পরপরই ওই দিন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তার আনুষ্ঠানিক যোগদানপত্র পাঠিয়েছিলেন। তবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বিরোধী তীব্র আন্দোলন ও দপ্তর অবরোধ কর্মসূচি চলার কারণে তিনি কর্মস্থলে সরাসরি যোগ দিতে পারছিলেন না। অবশেষে সোমবার সকালে তালা ভেঙে তিনি নিজ কার্যালয়ে প্রবেশ করে কাজ শুরু করলেন।