নভেম্বর ২৬, ২০২৬, ১০:৪৪ পিএম
শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। একই বাজারে গত সপ্তাহের তুলনায় মুরগি ও হাঁসের ডিমের দাম বেড়েছে, তবে কিছুটা কমেছে মুরগির মাংসের দাম।
বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা ও কাঁচা টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি গাজর ১০০ টাকা ও চায়না গাজর ১৪০ টাকা। দেশি নতুন আলু ও ভারতীয় নতুন আলু দুটোই ১৪০ টাকা কেজি।
লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা ও কালো গোল বেগুন ১২০ টাকা কেজি। শিম মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা ও করলা ১০০ টাকা। কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা ও দেশি পটল ১০০ টাকা কেজি।
চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙা ৮০ টাকা করে, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা ও শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি। লাউ প্রতিটি ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা ও বাঁধাকপি ৬০ টাকা। কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা ও লেবু ৪০ টাকা।
সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, বৃষ্টি হওয়াতে সবজির দাম একটু বেড়েছে। তবে এটা কমে যাবে। ফসলে অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে। তাই এখন এমন দাম।
আরেক বিক্রেতা মো. সোহেল বলেন, এখন দাম কম থাকার কথা, কারণ শীতের সবজি চলে এসেছে। কিন্তু বৃষ্টি ঝামেলা করে ফেলেছে। মাল পচে গিয়েছে অনেক।
তিনি বলেন, ১৩০টি ফুলকপি এনেছিলেন, এর মধ্যে ২০টি পচে গেছে। শুধু ফুলকপি নয়, সব সবজিরই একই অবস্থা। তবে কিছুদিন পরে দাম আবার কমে যাবে।
বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, সবজির দাম তো কমেই না, উল্টা বাড়ে। নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বাজারে সবকিছুর দামই বেশি মনে হয় বলে জানান তিনি।
পেঁয়াজ-রসুনের বাজারে ক্রস জাতের পেঁয়াজ ৫০ টাকা ও দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজি। লাল ও সাদা আলু ২৫ টাকা, বগুড়ার আলু ৫০ টাকা। দেশি রসুন ১১০ থেকে ১২০ টাকা, চায়না রসুন ১৫০ থেকে ১৬০ টাকা ও চায়না আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি। দেশি রসুনের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে, চায়না রসুন কমেছে ১০ থেকে ২০ টাকা ও চায়না আদা কমেছে ২০ থেকে ৩০ টাকা।
ডিমের বাজারে লাল ডিম ডজনপ্রতি ১২৫ থেকে ১৩০ টাকা ও সাদা ডিম ১২০ টাকা। হাঁসের ডিম ২০০ থেকে ২১০ টাকা ডজন। মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা ও হাঁসের ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, কক মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮৭ থেকে ২৯০ টাকা ও দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকা কেজি। দেশি মুরগি বাদে সব ধরনের মুরগির মাংসের দাম কেজিতে ৭ থেকে ২০ টাকা কমেছে। গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা কেজি।
মাছের বাজারে আকার ও ওজন অনুযায়ী ইলিশ ১ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা, রুই ৪০০ থেকে ৭০০ টাকা ও কাতল ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি। কালিবাউশ ৫০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, কাঁচকি ৫০০ থেকে ৬০০ টাকা ও কৈ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, বাতাসি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, কাজলি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৬০০ থেকে ১ হাজার টাকা, মেনি ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা ও রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি।
মুদিপণ্যের বাজারে দামে কোনো পরিবর্তন আসেনি, তবে লবঙ্গের দাম কেজিতে ১৫০ টাকা ও জিরার দাম ১৪০ টাকা বেড়েছে। প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা ও খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। ছোট মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১২০ টাকা ও মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কেজি।
বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা লিটার, খোলা সয়াবিন তেল ২০৫ টাকা কেজি ও খোলা সরিষার তেল ২২০ টাকা লিটার। ঘি ১ হাজার ৪০০ টাকা কেজি, চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা ও আটা ১৪০ টাকা। মসলার মধ্যে এলাচ ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৫৫০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, জিরা ৬৪০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা ও কাঠবাদাম ১ হাজার ৫০০ টাকা কেজি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন