বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
সাইবার সতর্কতা

লিনাক্স সার্ভারে পাসওয়ার্ড ছাড়াই রুট অ্যাক্সেসের ফাঁক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩৪ পিএম

লিনাক্স সার্ভারে পাসওয়ার্ড ছাড়াই রুট অ্যাক্সেসের ফাঁক

সার্ভার কক্ষ। ছবিটি AI দিয়ে তৈরি প্রতীকী চিত্র।

লিনাক্স কার্নেলের এনএফএস সার্ভারে মারাত্মক এক নিরাপত্তা ত্রুটির খোঁজ মিলেছে। এনএফএস২রুট নামের এই ত্রুটি কাজে লাগিয়ে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব।

ত্রুটিটির সিভিই নম্বর ২০২৬-৯৯৩৬২। তীব্রতার মাপকাঠিতে এর স্কোর ১০-এর মধ্যে ৯ দশমিক ৮। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ওপেনসেকের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব লিনাক্স সার্ভারে এনএফএস সেবা চালু আছে এবং ২০৪৯ নম্বর পোর্টে বাইরে থেকে পৌঁছানো যায়, সেগুলোর যেকোনোটি এই ঝুঁকিতে রয়েছে। অ্যাকাউন্ট, পাসওয়ার্ড কিংবা ব্যবহারকারীর কোনো ক্লিক - কোনোটাই লাগে না।

ত্রুটিটি লুকিয়ে ছিল দীর্ঘ ১২ বছর।

২০১৪ সালে লিনাক্স ৩ দশমিক ১৬ সংস্করণে এই ত্রুটি ঢুকে পড়ে। তার পর থেকে কার্নেলের বহু সংস্করণে তা থেকে যায়। এনএফএস সার্ভার কার্নেলের ভেতরেই চলে। ফলে নেটওয়ার্ক থেকে আসা তথ্য প্রক্রিয়া হয় সিস্টেমের সবচেয়ে ক্ষমতাশালী অংশে, প্রেরকের পরিচয় যাচাইয়ের আগেই।

কৌশলটি জটিল হলেও ফল সরাসরি। আক্রমণকারী বিশেষভাবে সাজানো একটি অনুরোধ পাঠিয়ে সার্ভারের উত্তর সংরক্ষণের জায়গা শূন্য বাইটে নামিয়ে আনতে পারে। এর পর সার্ভার পুরো উত্তরটি সেই খালি জায়গায় লিখতে গিয়ে পাশের মেমরি নষ্ট করে দেয়। একটিমাত্র টিসিপি সংযোগে কার্নেলের হিপ অবজেক্টের বাইরে ৬১ বাইট পর্যন্ত লেখা যায়। এই ধাপগুলো জোড়া দিলেই মেলে রুট শেল, অর্থাৎ সার্ভারের সর্বোচ্চ ক্ষমতা।

ঝুঁকিতে আছে ফাইল সার্ভার, নেটওয়ার্ক স্টোরেজ বা এনএএস যন্ত্র, কুবারনেটিসের স্টোরেজ নোড ও বিল্ড ফার্মের মতো ব্যবস্থা। শর্ত চারটি - প্যাচ না করা কার্নেল, এনএফএস সার্ভার চালু থাকা, এনএফএসের ৪ দশমিক ১ বা ৪ দশমিক ২ সংস্করণ চালু থাকা এবং ২০৪৯ পোর্টে পৌঁছানো যাওয়া। যেসব কম্পিউটার শুধু এনএফএস ক্লায়েন্ট হিসেবে অন্য সার্ভারের ফাইল ব্যবহার করে, তারা এই ত্রুটিতে আক্রান্ত নয়।

ত্রুটিটি খুঁজে বের করেছে ওপেনসেকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা আন্তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই ব্যবস্থাটি ত্রুটি শনাক্ত করে তা কাজে লাগানোর পুরো শৃঙ্খল তৈরি করেছে। একই ত্রুটি স্বাধীনভাবে খুঁজে পেয়েছেন ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার গবেষক জেরেমি জঁ। কার্নেলের মূল সংশোধনীটিও তিনিই লিখেছেন।

ওপেনসেক ত্রুটির কথা কার্নেল রক্ষণাবেক্ষণকারীদের জানিয়েছিল আগেই। সংশোধনীসহ ত্রুটির বিবরণ প্রকাশের পর এখন সংশোধিত কার্নেল সংস্করণ পাওয়া যাচ্ছে। দীর্ঘমেয়াদি শাখাগুলোর জন্য সংশোধিত সংস্করণ এসেছে। ওপেনসেক প্রশাসকদের অবিলম্বে কার্নেল হালনাগাদ করে সার্ভার রিবুট করার পরামর্শ দিয়েছে।

যেখানে এখনই হালনাগাদ সম্ভব নয়, সেখানে বিকল্প ব্যবস্থা হলো ফায়ারওয়ালে ২০৪৯ নম্বর টিসিপি পোর্ট বন্ধ করে দেওয়া। এতে বাইরে থেকে ওই পথে পৌঁছানো যাবে না।

এখন পর্যন্ত বাস্তবে এই ত্রুটি কাজে লাগিয়ে হামলার কোনো খবর পাওয়া যায়নি। তবে ত্রুটির বিবরণ ও শোষণের ধাপ প্রকাশ হয়ে যাওয়ায় প্যাচ না করা সার্ভারগুলোর ঝুঁকি প্রতিদিন বাড়ছে।

বাংলাদেশের বহু প্রতিষ্ঠান, হোস্টিং সেবাদাতা ও ডেটা সেন্টার লিনাক্স সার্ভার ব্যবহার করে। ফাইল ভাগাভাগির সুবিধার জন্য সেসব সার্ভারের অনেকগুলোতেই এনএফএস সেবা চালু থাকে।