নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩২ পিএম
গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠির কোনো উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।"
ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ আশা করে, প্রতিবেশী দেশটি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ভারত বন্ধুত্বের মনোভাবের পরিচয় দেবে এবং গঙ্গার পানি বণ্টন ইস্যু সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সরকারের।
মন্ত্রী জানান, এ বিষয়ে ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের উত্তরের অপেক্ষায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ এবং উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে বলে জানান তিনি। পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
পূর্ববর্তী সরকারের আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ওই সময়ের দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।
সীমান্তে ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে এ্যানি জানান, তারা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন। হাইকমিশনার সাক্ষাৎ করে নানা আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল এখনো দেখা যায়নি। ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ধারা বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তিতে এমন একটি ধারা ছিল, যার অধীনে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহ কমে গেলেও যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারাটি বাদ দেওয়া হয়।
পানিসম্পদমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। গত ১৭ নভেম্বর কূটনৈতিক মাধ্যমে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনার আহ্বান জানানো হয়। তবে এখনো চিঠির কোনো জবাব পায়নি ঢাকা।
গত ২২ নভেম্বর ঢাকায় যৌথ নদী কমিশনের কার্যালয়ে গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তবে বৈঠকের আলোচ্যসূচিতে চুক্তি নবায়নের বিষয়টি ছিল না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন