বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
মজুরি সংবাদ সম্মেলন

মজুরি বোর্ড স্বাধীনভাবে কাঠামো নির্ধারণ করেছে: মাহ্দী আমিন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৬:০৭ পিএম

মজুরি বোর্ড স্বাধীনভাবে কাঠামো নির্ধারণ করেছে: মাহ্দী আমিন

সংবাদ সম্মেলনে উপদেষ্টা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে প্রথমবারের মতো দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড স্বাধীনভাবে নিম্নতম মজুরি নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্প সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ-২০২৬ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, চারটি গ্রেডে তিন বছরের ব্যবধানে মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। অর্থের হিসাবে এই বৃদ্ধি ন্যূনতম ৪ হাজার ৫০০ টাকা থেকে গ্রেডভেদে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত।

প্রথম গ্রেডে মজুরি ২০২৩ সালের ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ অর্থাৎ ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ অর্থাৎ ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

তৃতীয় গ্রেডে মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ অর্থাৎ ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে। চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ অর্থাৎ ৪ হাজার ৫০০ টাকা বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা।

তিনি বলেন, আগে সাধারণত পাঁচ বছর পর পর মজুরি বোর্ড গঠিত হতো। এবার ২০২৩ সালের পর ২০২৬ সালে মাত্র তিন বছরের মাথায় বোর্ড গঠিত হয়েছে। সরকার গঠনের পর স্বল্প সময়ে শ্রমবান্ধব শ্রম আইন পাশ হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের মধ্যেও বোর্ড গঠন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বোর্ডের সিদ্ধান্তে সরকারের সরাসরি কোনো হস্তক্ষেপ ছিল না। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে স্বতন্ত্র বোর্ড কাঠামো নির্ধারণ করেছে। অন্যান্য শিল্পের মজুরি কাঠামো, ছোট-বড় কারখানার অবস্থা ও প্রতিযোগী দেশগুলোর বেতন কাঠামোও পর্যালোচনা করা হয়েছে।

মাহ্দী আমিন বলেন, নতুন কাঠামো শ্রমিক ও মালিক উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বোনাস ও ওভারটাইমসহ মাস শেষে অনেক শ্রমিক ২৫ হাজার টাকা বা তার বেশি হাতে পাবেন বলে মালিক প্রতিনিধিদের বরাতে তিনি প্রত্যাশা জানান।

শ্রমিক কল্যাণের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, শ্রমঘন অঞ্চলে ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী ছয়টি হাসপাতালের ঘোষণা দিলেও শ্রমিকদের মতামতের ভিত্তিতে সাতটি করা হয়েছে। এসব হাসপাতালের জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড দ্রুততম সময়ে পোশাক শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। নারী শ্রমিকদের নিজের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ওএমএস ট্রাকে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ ও এর ব্যাপ্তি বাড়াতে খাদ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, মিড-ডে মিল, জুতা ও ব্যাগ দেওয়া হবে। পুনঃভর্তির খরচও বন্ধ করা হয়েছে।

বাড়িভাড়া প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, বেতন বৃদ্ধির অজুহাতে হুট করে বাড়িভাড়া বাড়ানো বন্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। এলজিআরডি মন্ত্রণালয় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাসভাড়া না বাড়াতে পরিবহন ও সড়ক মন্ত্রণালয় কাজ করছে। শ্রমিকদের আবাসনে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে।

মাহ্দী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে পোশাক খাতের যাত্রা শুরু হয়েছিল। বেগম খালেদা জিয়ার সময়ে এই খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা রেখেছেন। শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউর কাজ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন অব্যাহত রাখা ও শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, বোর্ড সদস্য আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ, এবি এম সামছুদ্দিন, বাবুল আখতার, আসিফ আইয়ুব, তাসলিমা আখতার, নাজমা আক্তারসহ বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।