বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
চিপ নিষেধাজ্ঞার প্রভাব

৬৬০ কোটি ডলারের ঋণ আটকে এশিয়ার ডেটা সেন্টারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৬:১৬ পিএম

৬৬০ কোটি ডলারের ঋণ আটকে এশিয়ার ডেটা সেন্টারে

ডেটা সেন্টারের সার্ভার। ছবি: উইকিমিডিয়া কমন্স

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চিপ রপ্তানি নিয়মে এশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারে শত শত কোটি ডলারের ঋণ আটকে গেছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্টের সঙ্গে যুক্ত প্রকল্পগুলোর অর্থায়ন থামিয়ে দিয়েছে ঋণদাতা ব্যাংকগুলো। শেষ পর্যায়ে থাকা চুক্তিগুলো এখন অনিশ্চয়তায় পড়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত তথ্যে জানা গেছে, গত সপ্তাহে ঘোষিত মার্কিন নিয়মে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ব্রাজিলের প্রতিষ্ঠানগুলোকে উন্নত এআই চিপ কিনতে মার্কিন সরকারের লাইসেন্স নিতে হবে। চীনা প্রতিষ্ঠানকে বড় আকারে কম্পিউটিং সেবা ভাড়া দেওয়া বিশ্বের সব ডেটা সেন্টারকেও আলাদা লাইসেন্স নিতে হবে। সেই লাইসেন্স নেওয়ার সময়সীমা ৯০ দিন।

সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ব্রিজ ডেটা সেন্টারসে। বেইন ক্যাপিটালের এই প্রতিষ্ঠানের ৬৬০ কোটি ডলারের বর্ধিত ঋণের অগ্রগতি থামিয়ে দিয়েছে কয়েকটি ঋণদাতা। ঋণের শর্ত নতুন করে যাচাই করছে তারা। প্রতিষ্ঠানটির মালয়েশিয়ার স্থাপনা ব্যবহার করে বাইটড্যান্সসহ বিভিন্ন গ্রাহক। বেইন ক্যাপিটাল মন্তব্য করতে রাজি হয়নি। বাইটড্যান্সের সাড়া পাওয়া যায়নি।

আরেকটি বড় চুক্তি আটকে গেছে ডিজিটাল হ্যালোর ক্ষেত্রে। পার্টনার্স গ্রুপের সমর্থিত এই প্রতিষ্ঠানের ৩৭ কোটি ২০ লাখ ডলারের সম্পূর্ণ আন্ডাররাইট করা ঋণ থেকে একটি ব্যাংক সরে গেছে। ঋণের অর্থ মালয়েশিয়ার একটি ডেটা সেন্টারের জন্য, যেটি আলিবাবাসহ বিভিন্ন গ্রাহককে সেবা দেয়। অন্য ব্যাংকগুলো এই চুক্তি নিয়ে আরও প্রশ্ন করছে।

সিঙ্গাপুরের নিওক্লাউড প্রতিষ্ঠান আওলানির ৪৮ কোটি ডলারের ঋণও পুনর্বিবেচনা করছে একাধিক ব্যাংক। এই প্রতিষ্ঠানের ব্যবসার বড় অংশ বাইটড্যান্সের সঙ্গে। জিএমআই ক্লাউডের ৩০ কোটি ডলারের ঋণ থেকেও অন্তত একটি তহবিল সরে গেছে। সেই অর্থে থাইল্যান্ডের একটি ডেটা সেন্টারের জন্য চিপ কেনার কথা ছিল, যেটি ব্যবহার করত টেনসেন্ট।

এই পরিস্থিতির পেছনে রয়েছে কয়েক বছরের দ্রুত সম্প্রসারণ। ২০২২ সালে উন্নত মার্কিন চিপে বিধিনিষেধ আসার পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য দূর থেকে কম্পিউটিং সেবা দেওয়ার একটি বড় বাজার গড়ে ওঠে। ২০২৩ সাল থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডেটা সেন্টার কোম্পানিগুলোর ঋণ প্রায় শূন্য থেকে বেড়ে ৪ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

বড় ব্যাংকগুলো এখন গ্রাহক পর্যালোচনায় নেমেছে। সিটিগ্রুপ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সিঙ্গাপুরের প্রধান ব্যাংকগুলো ডেটা সেন্টার গ্রাহকদের নিয়ে বিস্তৃত পর্যালোচনা শুরু করেছে। এক ডজনের বেশি ব্যাংকার জানিয়েছেন, নতুন নিয়ম ঋণগ্রহীতাদের ওপর কী প্রভাব ফেলবে, সেই উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা। কেউ কেউ ঋণ বিক্রি করে বা ঝুঁকি হস্তান্তর করে নিজেদের অবস্থান কমানোর পথ খুঁজছেন।

সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক প্রায় ১০০ কোটি ডলারের ঝুঁকি হস্তান্তর চুক্তি খুঁজছে। তাতে ডেটা সেন্টার ও অবকাঠামো ঋণের ঝুঁকি অন্য পক্ষের কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তির অগ্রগতি ধীর হয়ে গেছে। বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। ব্যাংকটি এ বিষয়ে মন্তব্য করেনি।

বিশ্লেষকদের ধারণা, সতর্কতা সহজে কাটবে না। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের বিশ্লেষকেরা ২৪ নভেম্বরের এক প্রতিবেদনে লিখেছেন, নতুন নিয়ম আগামীকালই বাতিল হয়ে গেলেও ডেটা সেন্টার পরিচালক ও ঋণদাতারা নতুন প্রকল্পে আগের চেয়ে সতর্ক থাকবেন। মার্কিন নীতি সীমান্তের বাইরের প্রকল্প ও গ্রাহকদেরও কীভাবে প্রভাবিত করতে পারে, তা তাঁরা নিজ চোখে দেখেছেন।

আন্তর্জাতিক বাণিজ্য আইনজীবী বেন কস্ত্রজেওয়া মনে করেন, এই বিরতি খারাপ নয়। তাঁর ভাষায়, বাজার কিছুদিন ধরে বেশ উত্তপ্ত ছিল, তাই প্রকল্পগুলো যাচাই করে নেওয়ার এই বিরতি ভালো হতে পারে। এতে সব ডেটা সেন্টার তৈরি থামবে না, বাজারও থামবে না, তবে সবকিছুর গতি কমে যাবে।

ঋণের বাইরেও প্রভাব পড়েছে। বাইটড্যান্স যার সবচেয়ে বড় গ্রাহক, সেই ডেওয়ান ডেটা সেন্টারস মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা আটকে দিয়েছে। ব্ল্যাকরকের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেটা সেন্টার পোর্টফোলিও কেনার দর কমানোর কথা ভাবছে।