বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
সাইবার সতর্কতা

ফোনের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৩:৪৭ পিএম

ফোনের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

প্রতারক চক্রের ফাঁদ। ছবি: এআই জেনারেটেড

স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং থেকে সরাসরি অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। আকর্ষণীয় বিজ্ঞাপন, ভুয়া অফার আর সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে গ্রাহককে ফাঁদে ফেলছে তারা। ফোন একবার নিয়ন্ত্রণে গেলে মুহূর্তের মধ্যে খালি হয়ে যাচ্ছে বিকাশ-নগদের হিসাবও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাইবার নিরাপত্তা নিয়ে এক আলোচনায় এসব কৌশলের বিস্তারিত তুলে ধরেন ব্রেইন স্টেশনের হেড অফ সাইবার সিকিউরিটি মহিব্বুল মুক্তাদির তানিম। তাঁর মতে, প্রতারণার ধরন বদলে গেছে। এখন আর শুধু ওটিপি জেনে নেওয়ার কৌশলে সীমাবদ্ধ নেই চক্রটি। সরাসরি ফোনের নিয়ন্ত্রণ নেওয়াই তাদের নতুন অস্ত্র।

ফাঁদ পাতার শুরুটা হয় প্রলোভন দিয়ে। ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখিয়ে কিংবা হোয়াটসঅ্যাপে ভুয়া অফার পাঠিয়ে প্রথমে গ্রাহককে আকৃষ্ট করে চক্রটি। কখনো সফটওয়্যার আপডেটের কথা বলে নির্দিষ্ট অ্যাপ ইনস্টলে রাজি করানো হয়। গ্রাহক একবার ফাঁদে পা দিলেই ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পথ খুলে যায় প্রতারকদের সামনে। এরপরের ধাপগুলোতেই ঘটে মূল সর্বনাশ।

প্রতারণার প্রথম উপায়টি ফোন ছিনতাই বা চুরি। আনলক অবস্থায় ফোন হাতে পেলে চক্রের সদস্যরা বিকাশ-নগদ বা ব্যাংক অ্যাপ থেকে টাকা সরিয়ে নেয়। শুধু জমা অর্থই নয়, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর নামে ডিজিটাল লোন তুলে নেওয়ার ঘটনাও ঘটছে। ফলে ফোন হারানো মানেই এখন পুরো অর্থভান্ডার ঝুঁকিতে পড়ে যাওয়া।

দ্বিতীয় উপায়টি ভার্চুয়াল দখল। এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠানো ফিশিং লিংকে ক্লিক করলেই বিপদ। প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করলেও একই ঝুঁকি। এসব পথে ফোনে ঢুকে পড়ে রিমোট অ্যাক্সেস ট্রোজান, সংক্ষেপে আরএটি (RAT) নামের ক্ষতিকর সফটওয়্যার। একবার ঢুকলে প্রতারক দূর থেকে ফোনের সব কার্যক্রম নজরদারি করতে পারে।

তৃতীয় উপায় সিম সোয়াপিং। ভুক্তভোগীর এনআইডি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অপারেটরকে বিভ্রান্ত করে সিমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চক্রটি। সিম হাতে গেলে ওটিপিসহ সব বার্তা পৌঁছে যায় প্রতারকের কাছে। ওটিপি প্রতারকের হাতে গেলে হিসাবের দরজা কার্যত খুলে যায়। তখন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের নিরাপত্তা একে একে ভেঙে পড়ে।

মহিব্বুল মুক্তাদির তানিম বলেন, ৯৯ শতাংশ ক্ষেত্রে গ্রাহকের নিজের সচেতনতাই এসব প্রতারণা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায়।

তাঁর পরামর্শ, অপরিচিত লিংকে ক্লিক করা যাবে না, লোভনীয় অফারের প্রলোভনে পা দেওয়া যাবে না। প্লে স্টোর বা অফিশিয়াল স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করা ঠিক নয়। না বুঝে কোনো অ্যাপকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দেওয়াও বিপজ্জনক। কারণ এই অনুমতিই ফোনের প্রায় পুরো নিয়ন্ত্রণ তুলে দেয় অ্যাপটির হাতে।

ব্যাংকিং অ্যাপ বা ব্রাউজারে কাজ শেষে লগ আউট করে বের হয়ে আসার অভ্যাস গড়ার কথাও বলেন তিনি। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড বা বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবহার জরুরি। এসব ছোট সতর্কতাই বড় ক্ষতি ঠেকাতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

শুধু গ্রাহকের সচেতনতায় থেমে থাকতে চান না মহিব্বুল মুক্তাদির তানিম। ব্যাংক ও মোবাইল অপারেটরদের এআই-ভিত্তিক অস্বাভাবিক লেনদেন শনাক্তকরণ ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেন তিনি। ইংরেজিতে একে বলা হয় অ্যাবনরমালিটি চেকিং (Abnormality Checking)। এতে প্রতিটি লেনদেনের ধরন যাচাই করে অস্বাভাবিক কিছু ধরা পড়লেই সতর্ক হওয়া যায়। তাঁর ভাষায়, লেনদেনের ধরনে অস্বাভাবিকতা ধরা পড়লেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকতে হবে প্রতিষ্ঠানগুলোর।

সিঙ্গাপুরের আদলে গ্রাহক, ব্যাংক, অপারেটর ও রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে তিন স্তরের মনিটরিং সেল গঠনের পরামর্শও দেন তিনি। সেই সঙ্গে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধারের কার্যকর ব্যবস্থা গড়ার ওপর জোর দেন মহিব্বুল মুক্তাদির তানিম।