মে ৫, ২০২৬, ০৯:২৬ পিএম
তথ্যপ্রযুক্তির সহায়তায় বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ সাইবার প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মোঃ আরিফ হোসেন (২৭) নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকার আতাউর মালিথার ছেলে।
পুলিশ জানায়, দিনাজপুরের চিরিরবন্দর থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)-এর নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর (পিপিএম)-এর নেতৃত্বে ডিবির একটি দল নাটোরের লালপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়।
সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লালপুরের বিরোপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। সেখান থেকে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি (লোডেড) এবং একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৫টি সিম কার্ড জব্দ করা হয়।
অভিযান চলাকালে চক্রের আরেক সহযোগী বিজয় ইসলাম (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি গিয়ার চাকু ফেলে পালিয়ে যায়। সে লালপুরের দেলুয়া রুইগাড়ী এলাকার রাকিবুল ইসলামের ছেলে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে ‘MD Jalal Sir’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলে।
এরপর বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল তারা। এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থানে একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নাটোরের লালপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন