নভেম্বর ১১, ২০২৬, ০৯:২৫ এএম
পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
আটক দুই ব্যক্তি হলেন ২৩ বছর বয়সী মুরসালিন এবং ২৫ বছর বয়সী নূরুল। তারা দুজনই আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা। রেলওয়ে সূত্রে জানা যায়, রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশফিড বের করে শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়ে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন