মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ও তদন্ত কমিটি, আটক ১

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৯:১৭ পিএম

চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ও তদন্ত কমিটি, আটক ১

পাবনার চাটমোহরে সার লুটের ঘটনায় তদন্ত ও আইনি পদক্ষেপ চলছে।

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুরের পর গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা বাজার এলাকায় এই সার লুটের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে লাঙলমোড়া গ্রাম থেকে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়।

এদিকে সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। কমিটিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় লাইনে দাঁড়ানো ও দেরিতে সার দেওয়া নিয়ে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। ছাইকোলা বাজারের অন্য দুই ডিলার হঠাৎ সার বিতরণ বন্ধ করে দেওয়ায় সবাই প্রদীপ কুমার পালের দোকানে ভিড় জমান। সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে লোকজন ডিলারের ঘর ভাঙচুর ও সার লুট করেন। বাধা দিতে গেলে পুলিশ ও ডিলারের লোকজনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। প্রশাসনের এই আহ্বানের পর এখন পর্যন্ত মোট ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর পেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।