নভেম্বর ১০, ২০২৬, ০৮:৫৭ পিএম
প্রযুক্তির দুনিয়ায় বড় এক মাইলফলক অর্জন করেছে চীন। একযোগে সবচেয়ে বেশি সাবমেরিন বা পানির নিচের ড্রোন পরিচালনা করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে দেশটির গবেষক দল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এই ঐতিহাসিক অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা জিয়ান তিয়ানহে মেরিটাইম টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই প্রদর্শনী ও পরীক্ষা পরিচালনা করেন। পানির নিচে মনুষ্যবিহীন যানের বড় পরিসরে সমন্বিত চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে একে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পরীক্ষায় মোট ১১৬টি টিএইচ-৬১৮ (TH-618) মডেলের সাবমেরিন ড্রোন ব্যবহার করা হয়। ১৬৪ ফুট দীর্ঘ ও ৬৫ ফুট প্রস্থের একটি পুলে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছিল। কোনো ধরনের মানব হস্তক্ষেপ ছাড়াই এই ড্রোনগুলো পুলে তাদের নির্দিষ্ট ফরমেশন বা বিন্যাস বজায় রেখে চলাচল করে। প্রায় ৩৪ মিনিট ধরে চলা এই কার্যক্রমে ড্রোনগুলো কোনো রকম স্যাটেলাইট পজিশনিং বা ওয়্যারলেস যোগাযোগ ছাড়াই কেবল নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভিজ্যুয়াল ডেটার ওপর নির্ভর করে সফলভাবে পথ চলতে সক্ষম হয়।
ব্যাবহার করা টিএইচ-৬১৮ ড্রোনগুলোর একেকটির দৈর্ঘ্য প্রায় দুই ফুট এবং প্রস্থ আধা ফুট। প্রায় ১১ পাউন্ড ওজনের প্রতিটি ড্রোনে চারটি প্রপেলার ও একটি ক্যামেরা সংযুক্ত রয়েছে। ড্রোনগুলোর ব্যাপ্তি প্রায় ১৮ মাইল এবং টানা প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত এগুলো কার্যক্রম চালাতে সক্ষম। পানির নিচে যোগাযোগের প্রধান বাধাগুলো এড়াতে এগুলো মাল্টি-ডিগ্রি থ্রাস্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রিয়েল-টাইমে নিজেদের গতিপথ ও দূরত্ব নিয়ন্ত্রণ করে।
পানির নিচে তারহীন যোগাযোগ বা স্যাটেলাইট সিগন্যাল না থাকায় এই ধরনের ড্রোন পরিচালনা অত্যন্ত জটিল। উচ্চ পানির চাপ ও কম দৃশ্যমানতার মধ্যেও নিজেদের সেন্সর এবং অ্যাকোস্টিক কমিউনিকেশনের ওপর ভর করে ড্রোনগুলো নিখুঁতভাবে তাদের কাজ সম্পন্ন করে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা গবেষণার ফল এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোনগুলো। পানির নিচের অবকাঠামো পরিদর্শন, গ্যাস পাইপলাইন পরীক্ষা কিংবা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির মতো বেসামরিক কাজের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও এসব প্রযুক্তির ব্যাপক ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
বিশ্বজুড়েই সমুদ্র প্রতিরক্ষায় এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় মনুষ্যবিহীন নৌযানের ব্যবহার বহুগুণ বেড়ে গেছে। গবেষকদের মতে, এই সফল পরীক্ষা কেবল চীনের সামুদ্রিক গবেষণার ক্ষেত্রকেই প্রসারিত করবে না, বরং ভবিষ্যতের পানির নিচের নিরাপত্তা ও কৌশলগত নজরদারির ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন