মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল ইসলাম

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৮:০৯ পিএম

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল ইসলাম

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সাত মাস পর পাকিস্তানের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করেছেন আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি এই নিয়োগের খবর নিশ্চিত করেছে। নতুন এই পদে কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর অগ্রগতির কাজে সহায়তা করবেন সাবেক বিসিবি প্রধান।

লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আমিনুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটেও তাদের কার্যক্রমের পথ উন্মুক্ত করতে পারবে। উপদেষ্টা হিসেবে কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখবেন আমিনুল। যেখানে খেলোয়াড়দের বিকাশ, কোচিংয়ের কার্যপদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির ওপর বিশেষ জোর দেবেন তিনি। একই সঙ্গে তাদের চলমান ক্রিকেটার উন্নয়ন প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

ক্রিকেট উন্নয়নে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমিনুলের ঝুলিতে। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের দীর্ঘ সময় আইসিসির এশিয়ার ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বও দিয়েছিলেন তিনি এবং ২০০০ সালে দেশের ঐতিহাসিক অভিষেক টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।

২০২৫ সালে প্রথমে অন্তর্বর্তীকালীন ও পরে নির্বাচিত হয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আমিনুল ইসলাম। তবে আমিনুলের জেতা বিসিবি নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা খুঁজে পাওয়ার অভিযোগে গত এপ্রিলে তার বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর থেকে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছিলেন তিনি। দীর্ঘ সাত মাস পর এই নিয়োগের মাধ্যমে আবারও পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের এই ক্রিকেট ব্যক্তিত্ব।