মে ১৬, ২০২৬, ০৩:৩১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কার্যনির্বাহী বিসিবি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ইতিমধ্যে মামলাটি পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়েছে।
বিসিবির নির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল এবং নির্বাচিত ১১ জন পরিচালকসহ মোট ১২ জন কার্যনির্বাহী সদস্য যৌথভাবে এই আবেদনটি করেছেন।দায়েরকৃত এই রিট পিটিশন নম্বরটি হলো ৬০৮৩/২০২৬।
আদালতের নথি ও রিটকারীদের আবেদন সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবি কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিন সদস্যের একটি সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ওই নির্বাচনে রিটকারীরা আইনানুগভাবে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
কিন্তু গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্বাচিত বিসিবি কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে চেয়ারম্যান করে নতুন অ্যাডহক কমিটি গঠন করে।রিটকারী পরিচালকদের অভিযোগ, বিসিবি কমিটি ভেঙে দেওয়ার আগে তাদেরকে কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানির সুযোগ দেওয়া হয়নি। আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে আন্তর্জাতিক ক্রিকেট (আইসিসি) নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পূর্ণ সদস্যপদ হারানোর তীব্র ঝুঁকিতে পড়তে পারে বলে রিটে উল্লেখ করা হয়েছে।আবেদনকারীরা হাইকোর্টের কাছে ৭ এপ্রিলের ওই আদেশের ওপর স্থগিতাদেশ জারির পাশাপাশি অ্যাডহক কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখার সুনির্দিষ্ট প্রার্থনা জানিয়েছেন। একই সাথে দেশের সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে নির্বাচিত বিসিবি কমিটিকে পুনরায় সপদে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন