নভেম্বর ১০, ২০২৬, ০৭:২৫ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে একটি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে দাবি করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পঞ্চগড় সদর থানা পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় জাহাঙ্গীর আলম ও আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে পুলিশ। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলার আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মানববন্ধন করেছেন। মূলত মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, অতীতে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাবেক এই জনপ্রতিনিধি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন