সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের আমেজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১০:৫৭ এএম

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের আমেজ

পঞ্চগড়ে ঋতু পরিবর্তনের স্পষ্ট প্রভাব পড়তে শুরু করেছে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরও দ্রুত নামছে তাপমাত্রা। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। দিনের তীব্র রোদ আর রাতের এই ঠান্ডার বৈপরীত্যে দ্রুত বদলে যাচ্ছে জেলার আবহাওয়া। এর মধ্যে তেঁতুলিয়ায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ছয়টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল একশ শতাংশ। এর আগের দিন রবিবার পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস।

জেলার গ্রামাঞ্চলে ভোরের দিকে ঘাস ও গাছের পাতায় শিশির জমতে শুরু করেছে। কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যার পর অনেকেই হালকা গরম পোশাক ব্যবহার করতে শুরু করেছেন। ঘরেও শীতের প্রস্তুতি হিসেবে লেপ ও কম্বল বের করা হচ্ছে।

আবহাওয়ার এই ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা জটিল সমস্যা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব অসুস্থতা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন আসিফ আলী জানান, গত কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাঁর পরিবারের একটি শিশু সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে হাসপাতালে আনতে হয়েছে।

আরেক রোগী হাবিব হাসান জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সকাল ও রাতের দিকে বেশ ঠান্ডা থাকে। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের সঙ্গে তাঁর শরীর খাপ খাওয়াতে পারছে না। গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছেন। বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঋতু পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা গ্রহণ করা জরুরি। ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজন অনুযায়ী গরম পোশাক পরতে হবে। পরিবারের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধিও যথাযথভাবে মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামছে। বিশেষ করে রাত ও ভোরে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।