নভেম্বর ৪, ২০২৬, ০৭:৫৪ পিএম
শৈত্যপ্রবাহ ও একাধিক ঘূর্ণিঝড়ের আভাস দিয়ে আগামী তিন মাসের জলবায়ু পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি নভেম্বর মাসে মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই পূর্বাভাসে জানানো হয়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি জানুয়ারি পর্যন্ত সময়ে সাগরে মোট দুই থেকে চারটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আগামী তিন মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছে আবহাওয়া সংস্থাটি।
নভেম্বর মাসে দেশের নদী অববাহিকা ও বিভিন্ন এলাকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এই সময়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ফারাক কমে আসতে পারে। এতে দেশজুড়ে শীতের অনুভূতি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন