নভেম্বর ৪, ২০২৬, ০৮:২৫ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪ লাখ টাকা মূল্যের দুটি চোরাই ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত ৩ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটে পার্বতীপুরের ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. রাসেদুল রহমান ওরফে দুলাল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চাবিসহ একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আব্দুল আলিম (৪২), লাল বাবু (৪৩) ও মো. ইউসুফ (২৭) পালিয়ে যান।
পরে গ্রেপ্তার রাসেদুল রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টা ২৫ মিনিটে বেলাইচণ্ডী বাজার গ্রামের ইপিজেড-সংলগ্ন শহিদুল ইসলামের বসতবাড়িতে দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে মো. সাইফুল ইসলাম (২৮) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলামের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি লাল-কালো রঙের ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি স্মার্ট ফোন উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয়েছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে এই মোটরসাইকেলগুলো চুরি করেছিলেন। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন