নভেম্বর ৪, ২০২৬, ০৫:০৬ পিএম
পলিথিন ও একবার ব্যবহারযোগ্য বা ওয়ান-টাইম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা এবং শিক্ষাঙ্গনে পরিবেশগত সচেতনতা ছড়াতে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দিনাজপুরে দুই দিনব্যাপী সচেতনতামূলক পরিবেশগত শিক্ষা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর বাস্তবায়নে এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা প্রদান করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এসডো-এর প্রতিষ্ঠাতা ড. শাহরিয়ার হোসেন। আয়োজক সংস্থা এসডো-এর কো-অর্ডিনেটর খলিলুর রহমান এবং সিনিয়র রিসার্চ অ্যান্ড পলিসি এসোসিয়েট ডা. ফয়জুন নাহার যৌথভাবে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনাম, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, দৈনিক উত্তরবাংলা’র নির্বাহী সম্পাদক ও এসডো-এর স্থানীয় কো-অর্ডিনেটর জিনাত রহমান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্রাঞ্চ ম্যানেজার শাহ মো. আবুসালেহ, ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রুপম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিতা জাহান এবং এসডো-এর প্রজেক্ট এসোসিয়েট নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী দেশের পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখনই সমন্বিত সামাজিক পদক্ষেপ নিতে হবে। বক্তারা জোর দিয়ে উল্লেখ করেন, যেকোনো টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা হওয়া উচিত শিক্ষাঙ্গন থেকেই। তরুণ শিক্ষার্থী সমাজ সচেতন হলে খুব দ্রুত একটি পলিথিন ও প্লাস্টিকমুক্ত সুস্থ সমাজ গঠন করা সম্ভব।
বক্তারা আরও আহ্বান জানান যে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোকে প্লাস্টিকমুক্ত করার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে জেলার অন্যান্য শিক্ষাঙ্গনে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে ছাত্রীদের প্লাস্টিক ব্যবহারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পুনঃব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ এবং ধাতব পাত্র বা টিফিন বক্স ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়। এ ছাড়া প্রজেক্টরের পর্দায় বিশেষ ভিডিও প্রদর্শনী ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে ছাত্রীদের প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং পরিবেশের ভারসাম্য রক্ষার নানা সচেতনতামূলক কৌশল তুলে ধরা হয়।
উদ্বোধনী দিনের এই সচেতনতামূলক আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্রী এবং এসডো-এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার সচেতনতামূলক কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন