বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
দুর্নীতি বিরোধী অভিযান

নবাবগঞ্জে দুদক ও দুপ্রকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

নবাবগঞ্জে দুদক ও দুপ্রকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে পলাশবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সামগ্রী তুলে দেওয়া হয়।

নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিলন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু কঠোর আইন প্রয়োগ করে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, এজন্য সর্বস্তরের নাগরিক সচেতনতা জরুরি। দুর্নীতি রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বক্তারা তরুণ ও ছাত্রসমাজকে দুর্নীতি ঘৃণা করার এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের সৌজন্যে প্রাপ্ত খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স ও পানির পট সহ নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।