নভেম্বর ২, ২০২৬, ০৫:৩১ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে পরিচালিত মাঠপর্যায়ের জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান এই জরিপ কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
পরিদর্শনকালে কর্মকর্তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের গতি ও অগ্রগতি, সুবিধাভোগী বাছাই প্রক্রিয়া এবং জরিপকর্মীদের সামগ্রিক দায়িত্বপালনের বিশদ খোঁজখবর নেন।
সঠিক ব্যক্তি যেন বঞ্চিত না হন সেদিকে কড়া নজর রাখার তাগিদ দিয়েছেন সরকারপ্রধানের স্থানীয় প্রতিনিধি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সহায়তা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে সংগৃহীত তথ্য শতভাগ সঠিক, স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। কোনো অবস্থাতেই যেন একজন প্রকৃত যোগ্য ব্যক্তিও এই তালিকা থেকে বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন অবৈধভাবে অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে জরিপকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী উল্লেখ করেন, জরিপ কার্যক্রমে প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। তথ্যের শতভাগ সঠিকতার ওপর ভিত্তি করেই চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করতে হবে, যাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা প্রশ্নাতীত থাকে।
পরিদর্শনকালে কর্মকর্তারা বিশেষভাবে দাউদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মাঠপর্যায়ের জরিপকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের মান নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুরো জরিপ প্রক্রিয়া যাতে কোনো ধরনের অনিয়ম ছাড়া সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন