সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
এইচএসসি পরীক্ষার ফল

২৫ কলেজের জন্য দুঃসংবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ০৬:৫৩ পিএম

২৫ কলেজের জন্য দুঃসংবাদ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়া ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব প্রতিষ্ঠান থেকে মোট ১০২ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেননি। সোমবার (২ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। বোর্ডের অধীনে থাকা কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার ঘটনায় প্রশাসনিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বোর্ডের প্রস্তুত করা তালিকা অনুযায়ী, সবচেয়ে খারাপ ফল করা প্রতিষ্ঠানের মধ্যে ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় চারটি করে প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ঢাকায় তিনটি, মুন্সীগঞ্জে তিনটি, কিশোরগঞ্জে দুটি, মানিকগঞ্জে দুটি, নারায়ণগঞ্জে দুটি, রাজবাড়ীতে দুটি এবং গাজীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

ঢাকা মহানগরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো ই. হক কলেজ, সিটি মডেল কলেজ ও এশিয়ান আইডিয়াল কলেজ। ফরিদপুর জেলার প্রতিষ্ঠানগুলো হলো কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল এবং সাঈদা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় ও কলেজ।

টাঙ্গাইলের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো আলোয়া হাই স্কুল, খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক হাই স্কুল ও সুরা তরুণ শিক্ষাঙ্গন।

মুন্সীগঞ্জ জেলার মদিনীমণ্ডল গার্লস কলেজ, রাইদা অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হাসাড়াখালি কিশোর উচ্চবিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থী কৃতকার্য হতে পারেননি। নারায়ণগঞ্জের দুটি প্রতিষ্ঠান হলো নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজ ও কাচারী পাড়া হাই স্কুল; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সিটি কলেজ ও আবুল কাশেম কলেজ; মানিকগঞ্জের ড. আবদুর রহিম খান মহিলা কলেজ ও গোলাম মনির হোসেন মহিলা কলেজ রয়েছে এই তালিকায়।

গাজীপুরের জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জের দুর্বাসুর মডেল হাই স্কুল এবং শরীয়তপুরের নগর পাড়া স্কুল অ্যান্ড কলেজের সব পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। ফল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও প্রধানদের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করা হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে।