নভেম্বর ২, ২০২৬, ১০:২৩ এএম
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তশিক্ষা বোর্ড।
পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে এই বিশেষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হতে পারে। সপ্তাহখানেক ফরম পূরণ চলার পর আগামী ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠানের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতেই এই তৎপরতা।
শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুসারে, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হতে পারে আগামী ২৭ নভেম্বর।
এর আগে শনিবার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সর্বোচ্চ এক মাসের ব্যবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মন্ত্রণালয়। তবে ফরম পূরণ ও পরীক্ষার এই প্রাথমিক সময়সূচি চূড়ান্ত হবে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন