নভেম্বর ১, ২০২৬, ১২:০২ পিএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। এই বিশেষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ৩ নভেম্বর থেকে শুরু হতে পারে। এক সপ্তাহ ধরে ফরম পূরণ চলার পর আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশের পরপরই এই সময়সূচির খসড়া তৈরি করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যাতে একটি বছর নষ্ট না হয়, সেই বিবেচনা থেকেই দ্রুততম সময়ের মধ্যে এই সুযোগ তৈরি করছে কর্তৃপক্ষ।
এর পাশাপাশি প্রকাশিত ফলাফলে কোনো আপত্তি থাকলে তা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগও রাখা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই পুনর্নিরীক্ষণের আনুষ্ঠানিক ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শনিবার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে, তারা যেন দ্রুত নিজেদের প্রস্তুত করে পরীক্ষা দিতে পারে, সেজন্য আগামী এক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করা হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি প্রাথমিক রূপরেখা। ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত ও বিস্তারিত সময়সূচি শিগগিরই শিক্ষা বোর্ডের অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন