রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর অদম্য শেফালী বেগম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১১:৪১ পিএম

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর অদম্য শেফালী বেগম

ছবি: দিনাজপুর টিভি

৫২ বছর বয়সে এইচএসসি পাস করে পড়াশোনার যে কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, তা নতুন করে প্রমাণ করেছেন নীলফামারীর শেফালী বেগম। প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনি জিপিএ-৪ দশমিক ২১ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর এই সাফল্যে পুরো এলাকাজুড়ে এখন বইছে আনন্দের জোয়ার।

শেফালী বেগম নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা। শৈশবে পিতাকে হারিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েন তিনি। এরপর মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই বসতে হয় বিয়ের পিঁড়িতে।

সংসারের নানা টানাপোড়েন, স্বামী ও সন্তানদের দেখাশোনার দায়িত্ব সামলাতে গিয়ে দীর্ঘ সময় পাঠ্যবই থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাঁকে। তবে তাঁর ভেতরে জ্ঞান অর্জনের সুপ্ত ইচ্ছা কখনো নিভে যায়নি। প্রতিকূলতার দীর্ঘ বিরতি ভেঙে ২০২০ সালে তিনি পুনরায় লেখাপড়া শুরু করার অদম্য সিদ্ধান্ত নেন।

তাঁর এই স্বপ্নপূরণের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন স্বামী মোকছেদুল আলম ও তাঁর সন্তানরা।

পরিবারের সার্বিক সমর্থন আর রাতের পর রাত জেগে কঠোর অধ্যবসায়ের ফল হিসেবে তিনি প্রথমে ২০২৩ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন।

উচ্চমাধ্যমিকের বাধা পেরিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রেখে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চান অদম্য এই নারী।