রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
চিকিৎসা ও প্রযুক্তি

চীনে রোবোটিক সার্জারি প্রশিক্ষণে সংবর্ধনা পেলেন অধ্যাপক রফিকূল ইসলাম

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১০:৪৬ পিএম

চীনে রোবোটিক সার্জারি প্রশিক্ষণে সংবর্ধনা পেলেন অধ্যাপক রফিকূল ইসলাম

রোবোটিক সার্জারি প্রশিক্ষণে সংবর্ধনা পেয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

চীনে রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সাংহাইয়ের ঐতিহ্যবাহী পুডং গংলি হাসপাতালে তার সম্মানে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ইউরোলজি ও এন্ডোইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ঝং ওয়াং শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশের ইউরোলজি ও এন্ডোইউরোলজির আধুনিকায়ন, আধুনিক চিকিৎসাপ্রযুক্তির সম্প্রসারণ এবং দুই দেশের চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

অধ্যাপক ঝং ওয়াং আন্তর্জাতিক ইউরোলজি সংস্থা এসআইইউ-এর ফেলো হিসেবে অধ্যাপক ডা. রফিকূল ইসলামের পেশাগত একাগ্রতা, নিষ্ঠা এবং বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়ন ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই অংশীদারত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন শুধু উন্নত যন্ত্রপাতি আমদানির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, ইউরোলজি ও এন্ডোইউরোলজির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি, উন্নত সরঞ্জাম ব্যবহার এবং চিকিৎসকদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ফলে দেশের চিকিৎসাব্যবস্থায় অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

রোবোটিক সার্জারির ক্ষেত্রে বাংলাদেশের যাত্রা শুরু হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারও আধুনিক প্রযুক্তির এই অগ্রযাত্রাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে এ পদ্ধতিকে টেকসই করতে শুধু দামি যন্ত্রপাতি স্থাপন করলেই চলবে না, প্রয়োজন দক্ষ সার্জন, প্রশিক্ষিত অপারেশন থিয়েটার টিম, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং গবেষণার অনুকূল পরিবেশ গড়ে তোলা। উপযুক্ত রোগী নির্বাচন ও নিখুঁত প্রয়োগের মাধ্যমে জটিল অস্ত্রোপচারে রোবোটিক প্রযুক্তি ইতিবাচক ফল আনতে পারে।

ভবিষ্যতের চিকিৎসাব্যবস্থায় উন্নত যোগাযোগপ্রযুক্তি ও দূরনিয়ন্ত্রিত অস্ত্রোপচার বা টেলিসার্জারির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। ডা. রফিকূল ইসলাম উল্লেখ করেন, টেলিসার্জারি বাস্তবায়নে উচ্চগতির নিরাপদ নেটওয়ার্ক, রোগীর সর্বোচ্চ সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও সুনির্দিষ্ট আইনি নীতিমালা অপরিহার্য। এ ক্ষেত্রে চীনের অর্জিত প্রযুক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বাংলাদেশি চিকিৎসকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, পর্যবেক্ষণমূলক ফেলোশিপ এবং যৌথ কর্মশালা আয়োজনে চীনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের হাতে পুডং গংলি হাসপাতালের পক্ষ থেকে বিশেষ সম্মাননাসূচক স্মারক উপহার তুলে দেন অধ্যাপক ঝং ওয়াং। এর আগে এসআইইউ ফেলো হিসেবে সংশ্লিষ্ট হাসপাতালের আমন্ত্রণে রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণে অংশ নিতে গত ২৫ অক্টোবর চীনে যান তিনি।